মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ

ভবন নির্মাণ ও নির্মাণ পরবর্তী তদারকি কাজে দুর্নীতি

ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ, কতদূর মোকাবিলায় প্রস্তুতি?

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪২ এই পর্যন্ত দেখেছেন

সিলেট থেকে চট্টগ্রাম অঞ্চলে কয়েকটি প্লেট থাকার কারণে বাংলাদেশ ভূমিকম্পের বড় ঝুঁকিতে রয়েছে বলে দাবি করেছেন ভূতত্ত্ব বিশেষজ্ঞরা। সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় হয়ে যাওয়া ভূমিকম্পের ব্যাপক ক্ষয়ক্ষতির পেছনে অন্যতম কারণ হিসেবে দায়ী করা হচ্ছে ভবন নির্মাণ ও নির্মাণ পরবর্তী তদারকি কাজে দুর্নীতির বিষয়টিকে। একই অভিযোগ রয়েছে বাংলাদেশেও।

বাণিজ্যিক বা আবাসিক ভবন নির্মাণের ক্ষেত্রে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ নতুন কোনো বিষয় নয়। বাংলাদেশের অধিকাংশ অঞ্চলেই ভবন তৈরির ক্ষেত্রে কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠে থাকে। তুরস্ক-সিরিয়ার মতো একই মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে হয় তাহলে এর ক্ষয়ক্ষতির পরিমাণ হবে ভয়াবহ। যা চিন্তা করাও দুরূহ ব্যাপার বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশের ভূতত্ববিদ ও নগর পরিকল্পনাবিদরা মনে করছেন, বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হলে এখানকার ক্ষয়ক্ষতি ও প্রাণহানি তুরস্কের মতো বা তার চেয়ে বেশি মাত্রায় হতে পারে। আর এই ক্ষয়ক্ষতির পেছনে অন্যতম প্রধান কারণ হবে অপরিকল্পিতভাবে তৈরি করা ভবন। ২০২০ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক গবেষণায় উঠে আসে, বাংলাদেশে ভবন তৈরির ক্ষেত্রে জাতীয় বিল্ডিং কোড অনুসরণ না করা, ভবনের নকশা অনুমোদন ও বাস্তবায়ন বা অঞ্চল পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ না নেয়ার মতো নানা অনিয়মের চিত্র।

বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন এক জায়গায় অবস্থিত যেখানে যে কোনো সময় আট বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হতে পারে বলে বলেন ভূতত্ববিদ ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ হুমায়ুন আখতার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির সাবেক এই পরিচালক ও তার সহ গবেষকরা প্রায় দুই যুগ ধরে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে এই অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা নিয়ে গবেষণা করছেন। তাদের গবেষণা অনুযায়ী, বাংলাদেশের ডাউকি ফল্টে আট দশমিক দুই মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই ভূমিকম্প ঠিক কোন সময়ে হবে, তার কোনো নিশ্চয়তা নেই। সিলেট থেকে কক্সবাজারের পাহাড়ি অঞ্চলের নিচে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছে, সেখানে যে কোনো সময় আট মাত্রার বেশি ভূমিকম্প হতে পারে। এই ভূমিকম্প আজও হতে পারে, আবার ১০০ বছর পরেও হতে পারে। যত সময় যাবে, সঞ্চিত শক্তি বাড়তে থাকবে।

তাদের গবেষণা প্রতিবেদন ২০১৬ সালে বিজ্ঞান বিষয়ক জার্নাল ‘নেচার’-এ প্রকাশিত হয়। ওই গবেষণায় উঠে আসে যে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে।

এই গবেষকের অনুমান, বাংলাদেশে ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতির মাত্রা বেশি হবে অপরিকল্পিতভাবে তৈরি ভবন, ভূমিকম্প প্রতিরোধী ভবন তৈরিতে উদাসীনতা, ভূমিকম্প নিয়ে সচেতনতা ও প্রস্তুতির অভাবের কারণে।

তিনি বলেন, সিলেট থেকে কক্সবাজারের পাহাড়ি অঞ্চল পর্যন্ত বাংলাদেশের নিচে যে ফল্টলাইন আছে, সেই এলাকায় আট মাত্রার বেশি ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতি তুরস্কের চেয়ে ভয়াবহ মাত্রায় হবে।

তার গবেষণার হিসেব অনুযায়ী, ভূমিকম্পে ঢাকা মেট্রোপলিটানের এক শতাংশ ভবনও যদি ধ্বংস হয় তাহলে ৬,০০০ ভবন বিধ্বস্ত হবে। যার ফলে অন্তত তিন লাখ মানুষ সরাসরি হতাহত হবেন। আর অপরিকল্পিতভাবে তৈরি শহরে ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও সেবার কাজ পরিচালনা বাধাগ্রস্ত হওয়ায় আরও বহু মানুষের জীবনের ঝুঁকি তৈরি হতে পারে।

২০০৯ সালে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) ও জাইকার যৌথ জরিপে বলা হয়, ঢাকায় সাত বা তার বেশি মাত্রার ভূমিকম্প অনুভূত হলে, শহরের ৭২,০০০ ভবন ভেঙে পড়বে এবং এক লাখ ৩৫ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হবে। তৈরি হবে সাত কোটি টন কনক্রিটের স্তূপ। শুধু ঢাকা মেট্রোপলিটানে অন্তত তিন লাখ মানুষ এছাড়া নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুরের ঘনবসতিপূর্ণ এলাকায় আরও লাখ খানেক মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর পূর্বপ্রস্তুতি না থাকলে ঘনবসতিপূর্ণ এলাকাতে ভূমিকম্পের পরে জরুরি উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়বে। আগে থেকে যদি পরিকল্পনা না থাকে তাহলে ওই সময় জরুরি চিকিৎসা, বিদ্যুৎ, পানি সরবরাহ নিশ্চিত করার মতো কাজগুলো সামাল দেয়া সম্ভব হবে না এবং মানবিক বিপর্যয় তৈরি হতে পারে।

অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, উত্তরে তিব্বত সাব-প্লেট, ইন্ডিয়ান প্লেট এবং দক্ষিণে বার্মা সাব-প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। ফলে সিলেট-সুনামগঞ্জ হয়ে, কিশোরগঞ্জ চট্টগ্রাম হয়ে একেবারে দক্ষিণ সুমাত্রা পর্যন্ত চলে গেছে। সেখানে দেখা গেছে, ইন্ডিয়া প্লেট ও বার্মা প্লেটের সংযোগস্থলে দীর্ঘ সময় ধরে কোনো ভূমিকম্পের শক্তি বের হয়নি। ফলে সেখানে ৪০০ থেকে হাজার বছর ধরে শক্তি জমা হয়ে রয়েছে। ইন্ডিয়া প্লেট পূর্ব দিকে বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে আর বার্মা প্লেট পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ফলে সেখানে যে পরিমাণ শক্তি জমা হচ্ছে, তাতে আট মাত্রার অধিক ভূমিকম্প হতে পারে। তিনি আরও বলেন, এটা যেমন একবারে হতে পারে, আবার কয়েকবারেও হতে পারে। তবে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। সাধারণত এ ধরনের ক্ষেত্রে সাত বা আট মাত্রার ভূমিকম্প হয়ে থাকে। কিন্তু কবে বা কখন সেটা হবে, তা এখনো বিজ্ঞানীদের এখনো ধারণা নেই।

সানফ্রানসিসকো বা দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের সঙ্গে এর মিল রয়েছে। সুনামগঞ্জ, জাফলং অংশে ডাউকি ফল্টের পূর্ব প্রান্তেও ভূমিকম্পের ঝুঁকি রয়েছে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। এসব ফল্টে ভূমিকম্প হলে ঢাকাসহ সারা বাংলাদেশে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা বা বিপদের মাত্রা অনেক বেশি বলে তিনি আশঙ্কা করছেন। বাংলাদেশে সর্বশেষ ১৮২২ এবং ১৯১৮ সালে মধুপুর ফল্টে বড় ভূমিকম্প হয়েছিল। ১৮৮৫ সালে ঢাকার কাছে মানিকগঞ্জে ৭.৫ মাত্রার একটি ভূমিকম্পের ইতিহাস রয়েছে।

এদিকে ভূমিকম্প থামানোর কোনো উপায় না থাকলেও এই দুর্ঘটনার আগে পূর্ব প্রস্তুতি নেয়া সম্ভব হলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সামাল দেয়া সহজ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ভূমিকম্প মোকাবেলায় তেমন কোনো প্রস্তুতি না থাকার অভিযোগ উঠলেও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান সম্প্রতি গণমাধ্যমকে বলেছেন, উদ্ধার কাজের জন্য সিটি কর্পোরেশনগুলোকে আলাদা আলাদা অঞ্চলে ভাগ করা হয়েছে। এসব অঞ্চলে ৩৬ হাজার প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। তাদের দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে। দায়িত্ব রয়েছে সামরিক বাহিনীগুলোরও।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারীর মতে, বাংলাদেশের বড় ও ঘনবসতিপূর্ণ শহরের ঝূঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে ভূমিকম্প প্রতিরোধী করা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানোর উদ্যোগের প্রথম ধাপ। ঢাকা শহরে হাতেগোনা ৫-৭ শতাংশ ভবন হয়তো ভূমিকম্প সহনশীলভাবে তৈরি করা হয়েছে। কিন্তু বাকি সব ভবন এখনই যেহেতু ভূমিকম্প সহনশীল করা বাস্তবসম্মত না, শুরুতে আমাদের ঝূঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সেগুলোকে ভূমিকম্প সহনশীল করার কাজ করতে হবে। এই ভবন চিহ্নিত করা ও সেগুলোকে ভূমিকম্প-সহনশীল করার কাজের দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে দিলে দ্রুত ও কার্যকরভাবে ভবনগুলোকে ত্রুটিমুক্ত করা সম্ভব হব বলে মনে করেন তিনি।

আনসারী বলেন, ভবনগুলো ভূমিকম্প-সহনশীল হলে হতাহতের সংখ্যা যা ধারণা করা হচ্ছে তার চেয়ে অনেক কম হবে। আর ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ দ্রুত ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে মহড়া ও প্রশিক্ষণের মাধ্যমে সব এলাকার স্থানীয় বাসিন্দাদের আগে থেকে প্রস্তুত রাখার বিকল্প নেই বলে মনে করের বিশেষজ্ঞরা।

ভূতত্ববিদ হুমায়ুন আখতার বলেন, সব এলাকায় সেটা ওয়ার্ড বা থানা ভিত্তিতে হতে পারে। নিয়মিত ভিত্তিতে স্বেচ্ছাসেবীদের দলকে প্রশিক্ষণ দেয়া হবে ও তাদের নিয়ে মহড়ার আয়োজন করতে হবে যে ভূমিকম্প হলে কী করতে হবে। সাধারণ মানুষকেও এই প্রক্রিয়ায় সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, নিয়মিত মহড়া হলে দুর্যোগের পর মানুষের মধ্যে একটা ধারণা থাকে যে কী করতে হবে। ফলে দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতির হার সামাল দেয়া সহজ হয়। এছাড়া ভূমিকম্প হলে স্মার্টফোনের মাধ্যমে জরুরি খবর পাঠানোর ব্যবস্থা করা, ভূমিকম্প বিষয়ক গেমের মাধ্যমে তরুণদের মধ্যে সতর্কতা তৈরি করাসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে মানুষের মাঝে ভূমিকম্প নিয়ে সচেতনতা তৈরি করার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব বলে মনে করেন ভূতত্ববিদ ও নগর পরিকল্পনাবিদরা।সূত্র: বিবিসি বাংলা

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102